🏠︎ » সারাদেশ » রাজশাহী » ১৭ শিক্ষক, ১৯ শিক্ষার্থী—দাখিলে পাস করেনি কেউ!

১৭ শিক্ষক, ১৯ শিক্ষার্থী—দাখিলে পাস করেনি কেউ!

পাবনার ভাঙ্গুড়ায় মাগুরা দাখিল মাদ্রাসায় এবার দাখিল পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। ২০২৬ সালের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটির ১৯ শিক্ষার্থী অংশ নিলেও একজনও উত্তীর্ণ হতে পারেনি। ফলে মাদ্রাসাটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।

সোমবার (১০ আগস্ট) দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর বিষয়টি সামনে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি ২০০১ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৭ জন শিক্ষক ও চারজন কর্মচারী রয়েছেন। দীর্ঘ সময় এমপিওভুক্ত থাকার পরও প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত শ্রেণিকক্ষসহ বিভিন্ন অবকাঠামোগত সংকট রয়েছে বলে জানা গেছে।

মাদ্রাসাটি চলনবিলের প্রত্যন্ত এলাকায় অবস্থিত এবং ভাঙ্গুড়া উপজেলা সদর থেকে দিলপাশার ইউনিয়নের প্রতিষ্ঠানটির দূরত্ব প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ শিক্ষক উপজেলা সদরে বসবাস করেন এবং যাতায়াতের দূরত্বের কারণে তারা নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত থাকেন না।

অভিভাবক ও এলাকাবাসীর দাবি, শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি ও পাঠদানে গাফিলতির কারণে গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটির ফলাফল আশানুরূপ হচ্ছে না। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও তদারকির ঘাটতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

একাধিক অভিভাবক অভিযোগ করেন, শিক্ষকরা নিয়মিত ক্লাস না নেওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ কমে যাচ্ছে। ফলে সচেতন অনেক অভিভাবক তাদের সন্তানদের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর দিকে ঝুঁকছেন।

তবে শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি স্বীকার না করলেও মাদ্রাসার সুপার জাকির হোসাইন ফল বিপর্যয়ের জন্য শিক্ষার্থীদের পড়াশোনায় অনাগ্রহকে দায়ী করেছেন। তার দাবি, এলাকার অনেক শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগী না হওয়ায় এবার সবাই অকৃতকার্য হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান বলেন, মাদ্রাসাটির এমন ফলাফলের কারণ কী, তা খতিয়ে দেখা হবে। বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ