সিলেটে একটি চা দোকানে বসে চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বাংলা দ্বিতীয় পত্রের এক বস্তা উত্তরপত্র জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে অবস্থিত একটি চা দোকান থেকে উত্তরপত্রগুলো জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন।
জানা গেছে, জব্দ হওয়া উত্তরপত্রগুলোর পরীক্ষক ছিলেন সিলেটের মেট্রোসিটি ওমেন্স কলেজের প্রভাষক ইকবাল হোসেন সোহান। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টার দিকে ওই চা দোকানে কয়েকজন বন্ধুর সঙ্গে বসে উত্তরপত্র মূল্যায়ন করছিলেন ইকবাল হোসেন। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তিকেও উত্তরপত্র দেখতে দেখা যায়। উত্তরপত্রগুলো একটি চালের বস্তায় রাখা ছিল।
খবর পেয়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তরপত্রগুলো জব্দ করেন। পরে সংশ্লিষ্ট শিক্ষককে সঙ্গে নিয়ে স্থানীয় থানায় যান তারা।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অভিযুক্ত শিক্ষককে নিয়ে থানায় আসেন। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে শিক্ষককে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের হেফাজতে দেওয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন দাবি করেন, সেখানে কোনো উত্তরপত্র মূল্যায়ন করা হয়নি। তার ভাষ্য, উত্তরপত্রগুলো আগেই মূল্যায়ন করা হয়েছিল। সেগুলো কুরিয়ারে পাঠানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় তিনি চা দোকানে বসে কেবল খাতাগুলো গুছিয়ে নিচ্ছিলেন।
এ বিষয়ে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন বলেন, বিষয়টি নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন। পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি মন্তব্য করেন।