🏠︎ » বাংলাদেশ » অপরাধ » দুর্গাপুরে গোয়ালঘরে মিলল ৭৪০ বোতল ফেনসিডিল, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

দুর্গাপুরে গোয়ালঘরে মিলল ৭৪০ বোতল ফেনসিডিল, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মাদক কারবারির গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারের ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে বাবা-মেয়েকে আটক করা হয়। এসময় ৭৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, স্থানীয় শফিকুল ইসলাম (৫৬) ও তার মেয়ে নাজমুন নাহার খানম তামান্না (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগিচাপাড়া এলাকার মিরাজ আলী আকন্দের ছেলে জলিল আকন্দের বাড়ি থেকে এই মাদক আটক করা হয়। মাদক কারবারি জলিল আটককৃত নাজমুন নাহার খানম তামান্নার স্বামী এবং শফিকুল ইসলাম তার শ্বশুর।

পুলিশ আরো জানায়, মাদকের বড় চালান আছে এমন খবরে জলিল আকন্দের গোয়াল ঘরে তল্লাশি করে বস্তায় ভরা ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ২৯ লাখ ৬০ হাজার টাকা।

স্থানীয় বিভিন্ন সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে জানা যায়, জলিল আকন্দ দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত। সে পেশায় ট্রাক চালক। জলিলের সাথে স্থানীয় আরো মাদক কারবারি জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। সে বিভিন্ন কৌশলে মাদক পাচার করে আসছিল। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মাদক এনে দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতো জলিল। সে বর্তমানে পলাতক থাকলেও তাকে ধরতে পুলিশ অভিযান চালাবে। এই মাদক কারবারি চক্রে আর কারা জড়িত তা বের করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, গত বুধবার রাতে একটি ট্রাক কাস্টমাইজ করে ফেনসিডিল রাখা অবস্থায় জব্দ করা হয়। ওই মাদকের অনুসন্ধানে খবর পাই ওই চালকের বাড়িতে আরো মাদক রয়েছে। এমন খবরে আমরা অভিযান পরিচালনা করে ৭৪০ বোতল ফেনসিডিল জব্দ করেছি। বাবা, মেয়েকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ