🏠︎ » শিক্ষা » ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

ঢাকা: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ১০ আগস্ট দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। ফলাফল সংগ্রহের পদ্ধতি ও অন্যান্য নির্দেশনা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রথমে ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতি ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষা বোর্ডগুলো নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করতে পারেনি।

পরবর্তীতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নতুন সময়সূচি নির্ধারণ করলে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ আগস্ট ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশের পরিকল্পনা ছিল এবং সে অনুযায়ী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।

আরও পড়ুন

সর্বশেষ