🏠︎ » সারাদেশ » ঢাকা » পুরো বাংলাদেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

পুরো বাংলাদেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

ঢাকা: কোনো সময় নষ্ট না করে পুরো বাংলাদেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আয়োজিত ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শ্রমিক, দিনমজুর, কৃষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ডিজিটাল ব্যবস্থার অন্তর্ভুক্ত করতে হবে। কারণ বর্তমান সময়ে প্রযুক্তির কোনো বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার দ্রুততম সময়ে দেশের সব খাতে ডিজিটালাইজেশন কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, শুধু অর্থনৈতিক অন্তর্ভুক্তিই নয়, সেবা প্রদানের ক্ষেত্রেও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে দেশের সব নাগরিক সমানভাবে সরকারি ও আর্থিক সেবার সুবিধা পান।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এখন সরকারের অগ্রাধিকার। এর মাধ্যমে উৎপাদনশীলতা বাড়বে, পাশাপাশি মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা পেলে সময় ও অর্থ উভয়েরই সাশ্রয় হবে।

তিনি বলেন, শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ করলেই হবে না, সেসব প্রকল্প ও সেবার বিষয়ে জনগণকে অবহিত করার উদ্যোগও নিতে হবে। একই সঙ্গে শেয়ারবাজার, বিমা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত ও দুর্নীতি কমাতে ডিজিটালাইজেশন কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানের আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে পাঁচটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো জনতা ব্যাংক পিএলসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।

আরও পড়ুন

সর্বশেষ