তানিম হোসেন ইমন
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হাজী এম এ কালাম সরকারি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান।
তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এইচএসসি পরীক্ষা জীবনের স্বপ্ন বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এখন থেকেই মনোযোগী হতে হবে। ভালো ফলাফলের ওপরই নির্ভর করবে ভবিষ্যতের পথচলা। তাই সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে।”
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক (প্রমোশন) দরবেশ আলী আরমান, সহকারী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) ইমাম খাইর এবং সহকারী রেজিস্ট্রার সেলিম জাহাঙ্গীর।
বক্তারা বিশ্ববিদ্যালয়ের আধুনিক শিক্ষার পরিবেশ, শতভাগ স্কলারশিপসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করেন।
কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবিএম মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম।
এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এবং ইংরেজি বিভাগের প্রভাষক হাসান আহমদ সোবহানী।
অনুষ্ঠানে বিদায়ী পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারক পাঠ করেন নাবিলা রহমান জয়া এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন আফরোজা সিদ্দিকা জিনিয়া।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।