নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিন পরিবহনচালককে জরিমানা করেছে মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনটি পরিবহনের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে পরিবহনগুলোতে থাকা অননুমোদিত হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং বিভিন্ন পরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। জেলা পুলিশের একটি চৌকস দল অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।
মো. আব্দুল গফুর, বিশেষ প্রতিনিধি, পত্নীতলা উপজেলা, নওগাঁ।