🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ

হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নোমান মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি। যুবকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে হালুয়াঘাট সদরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন ঝলঝলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নোমান মিয়া ভূবনকুড়া ইউনিয়নের বেতকুড়ী গ্রামের আলাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাঘাইতলা বাজারের ইজারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর পৌনে ৬টার দিকে ঝলঝলিয়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় কিছু মালামাল জব্দ করে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা টহল দলের ওপর হামলা চালায় বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে মৌখিকভাবে সতর্ক করার পাশাপাশি ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরা। এরপরও হামলা অব্যাহত থাকায় এবং বাহিনীর এক সদস্য আহত হলে নিজেদের জীবন ও সরকারি সম্পদ রক্ষায় আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হন তাঁরা।

পরে গুলিবিদ্ধ নোমান মিয়াকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

তবে বিজিবির বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন নিহত নোমানের ছোট ভাই আবু রাইহান। তাঁর অভিযোগ, রাতে এলাকায় বিজিবি সদস্যরা গরু খুঁজছিলেন। পরে ফোন পেয়ে তাঁর ভাই ঝলঝলিয়া গ্রামে যান। সেখানে বাঘাইতলা বাজারের ইজারা-সংক্রান্ত কাগজপত্র নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে তাঁকে গুলি করা হয়।

আবু রাইহানের আরও অভিযোগ, ভোর সাড়ে ৪টার দিকে গুলির ঘটনা ঘটলেও তাঁর ভাইকে প্রায় তিন ঘণ্টা ঘটনাস্থলে আটকে রাখা হয়। এ সময় কাউকে তাঁর কাছে যেতে বা হাসপাতালে নিতে দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। সময়মতো চিকিৎসা দেওয়া হলে ভাইকে বাঁচানো সম্ভব হতো বলে মনে করেন আবু রাইহান।

নোমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঝলঝলিয়া এলাকার শত শত মানুষ হালুয়াঘাট সদরে জড়ো হন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ময়মনসিংহ-আঞ্চলিক মহাসড়কের থানা রোড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল বলেন, সকালে তিনি এ অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনেছেন। বিজিবির এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, বিজিবির গুলিতে একজনের মৃত্যু হয়েছে। তবে প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা সুষ্ঠু তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ