ময়মনসিংহ প্রতিনিধি: ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার (৩১ আগস্ট) সারাদেশের সঙ্গে একযোগে উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রতিযোগিতাটি সফলভাবে বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইলিয়া সুমনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, সৃষ্টিশীলতা, মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের দর্শন নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন; তিনি ছিলেন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার অন্যতম প্রধান কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও জীবনাদর্শ নতুন প্রজন্মকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মানবিক, সৃজনশীল ও অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা দেয়।

তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরুলকে কেন্দ্র করে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের তাঁর সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্মের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত করার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে এসব প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সৃজনশীল কর্মকাণ্ডে আগ্রহ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।