🏠︎ » সর্বশেষ » ধর্ম » ইসলামিক জীবন » বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ৫০ হাজার টাকা উপহার দিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ৫০ হাজার টাকা উপহার দিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালীর বাউফলের কৃতী সন্তান ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে হাফেজ জাকারিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) দেওয়ার পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা উপহার দেন ড. শফিকুল ইসলাম মাসুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জনের মাধ্যমে হাফেজ জাকারিয়া শুধু বাউফল বা তার পরিবারের নয়, পুরো বাংলাদেশের সম্মান বাড়িয়েছেন। বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তার অর্জন বাউফলবাসীর জন্য গর্বের বিষয়।

তিনি বলেন, যথাযথ দিকনির্দেশনা ও সুযোগ পেলে গ্রামবাংলার সন্তানরাও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। হাফেজ জাকারিয়ার সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থী ও হাফেজদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, কোরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধে আলোকিত সমাজ গঠনে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। আলোচনা শেষে প্রধান অতিথি হাফেজ জাকারিয়ার মাথায় সম্মাননা টুপি পরিয়ে দেন এবং তার হাতে ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকার উপহার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাউফল সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এবং বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।

বক্তারা হাফেজ জাকারিয়ার সাফল্যের প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আরও পড়ুন

সর্বশেষ