🏠︎ » সারাদেশ » কক্সবাজারে অভিযান চালিয়ে চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

কক্সবাজারে অভিযান চালিয়ে চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাচ্চু (৪৫), টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন (৩৯) এবং একই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোতাহের হোসেন টিটু (৪৬)।

পুলিশ জানায়, রবিউল হোসেন বাচ্চু সেতরা গ্রামের আব্দুল মান্নান সর্দারের ছেলে। মানিক হোসেন আলীপুর গ্রামের মো. সফিকুর রহমানের ছেলে এবং মোতাহের হোসেন টিটু ওয়ারুক গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর শাহরাস্তি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তে ওই তিনজনকে সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়। পরে কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শাহরাস্তিতে নিয়ে আসে পুলিশ।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং গোপনে এলাকায় যাতায়াত করতেন। ওসির দাবি, কক্সবাজারে অবস্থান করে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করতেন তারা।

গ্রেপ্তার তিনজনকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ