🏠︎ » সর্বশেষ » রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসও রয়েছেন।

রোববার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে দায়ের করা মামলায় আয়াসসহ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)। আয়াসের বয়স ২৯ বছর।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে যান রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ কয়েকজন। এ সময় পুলিশ তাদের আটক করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাদের আটক করা হয়েছিল। পরে তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়।

এর আগে গত ৫ অক্টোবর সেগুনবাগিচা এলাকার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরপর ফুটপাতসংলগ্ন দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা দেশের ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। পরে পথচারীদের চলাচলের সুবিধার্থে দেয়ালসংলগ্ন ফুটপাত উন্মুক্ত করে দেওয়া হয়।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ