🏠︎ » শিক্ষা » সবুজায়নে উৎসাহিত করতে নেত্রকোণায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

সবুজায়নে উৎসাহিত করতে নেত্রকোণায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রকোণা জেলা শাখার আয়োজনে কোমলমতি শিক্ষার্থী ও স্কুল শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নেত্রকোণা আদর্শ শিশু বিদ্যালয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আনোয়ারুল হক। এসময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে নিজ হাতে বৃক্ষরোপণ করে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গাছ আমাদের অক্সিজেন, ছায়া ও জীবনের নিরাপত্তা দেয়। তাই আজকের শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার মানসিকতা গড়ে তুলতে পারলে আগামী প্রজন্ম একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে পারবে। তাই আজ একটি গাছ লাগাই, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা। এই আয়োজন শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করবে বলে অভিমত ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ