🏠︎ » খেলাধুলা » ফুটবল » ময়মনসিংহ মহানগর যুব বিভাগের উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত !

ময়মনসিংহ মহানগর যুব বিভাগের উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত !

যুব ও ক্রীড়া বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে খেলোয়াড়, আয়োজক, সমর্থক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কামরুল আহসান এমরুল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আছাদুজ্জামান সোহেল, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর; অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর ও জামায়াত মনোনীত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী, মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা ও জামায়াত মনোনীত ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং মোঃ মাহাবুবুর রশিদ ফরাজী, সভাপতি, যুব ও ক্রীড়া বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আব্দুল বারী, সভাপতি, যুব ও ক্রীড়া বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগরীর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল বেঙ্গল প্রতিদিন-কে বলেন, “তরুণদের মাদক, অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ সমাজ গঠনে ক্রীড়াচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুধু একটি খেলার আয়োজন নয়, এটি তরুণদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের একটি সুন্দর উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত থাকবে।

অধ্যাপক শহীদুল্লাহ কায়সার বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে মাঠ ও ক্রীড়াঙ্গনকে আরও বেশি সক্রিয় করা প্রয়োজন। প্রতিটি এলাকায় খেলার মাঠ সংরক্ষণ ও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলে তরুণরা সুস্থ বিনোদনের সুযোগ পাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগরীর যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক জোবায়ের হোসাইন বেঙ্গল প্রতিদিন-কে বলেন, “ফুটবল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা সম্ভব। ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের মধ্য দিয়ে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং ক্রীড়াঙ্গনকে প্রাণবন্ত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশংসনীয়।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর ও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দলের খেলোয়াড় এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

আরও পড়ুন

সর্বশেষ