🏠︎ » রাজনীতি » জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়লেও ১১ দলীয় জোট ছাড়ছে না এনসিপি

জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়লেও ১১ দলীয় জোট ছাড়ছে না এনসিপি

জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক দূরত্ব বাড়লেও ১১ দলীয় ঐক্য ছাড়ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংবিধান সংস্কার ও গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে জোটের কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি নিজস্ব রাজনৈতিক পরিচয় ও স্বতন্ত্র অবস্থান গড়ে তুলতে দলীয় কর্মসূচি জোরদার করতে চায় দলটি।

জোটের শরিকদের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও মতপার্থক্য দেখা দিয়েছে। কয়েকটি দল স্থানীয় নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার পক্ষে থাকলেও জামায়াতে ইসলামী এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অনড়। ফলে জোটের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে শরিক দলগুলোর মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে।

জোটের অভ্যন্তরীণ মতপার্থক্যের প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। জামায়াত ও এনসিপির কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য এবং সমালোচনা চলছে। তবে জ্যেষ্ঠ নেতারা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক জোটের রাজনৈতিক ঐক্যে প্রভাব ফেলবে না।

জোটে থাকলেও নিজস্ব রাজনীতিতে গুরুত্ব এনসিপির

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোট ছাড়ার গুঞ্জন নাকচ করে জানিয়েছেন, ১১ দলীয় ঐক্য বহাল রয়েছে এবং এনসিপিও জোটে আছে। সংবিধান সংস্কারের দাবিতে জোটবদ্ধ আন্দোলনে দলটির অংশগ্রহণ অব্যাহত থাকবে। তবে অন্যান্য বিষয়ে এনসিপি নিজস্ব কর্মসূচিকে প্রাধান্য দেবে। সংসদেও জামায়াত ও এনসিপির রাজনৈতিক ঐক্য বজায় থাকবে বলে জানিয়েছেন তিনি।

এনসিপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার ভাষ্য, জোটে থাকার কারণে দলটি জামায়াতনির্ভর হিসেবে পরিচিতি পাচ্ছে। এতে নিজস্ব রাজনৈতিক অবস্থান ও কর্মীভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে দলটি নিজস্ব কর্মী-সমর্থকদের নিয়ে কর্মসূচি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

দলটির নেতারা মনে করছেন, অন্য কোনো দলের ওপর নির্ভর করে নয়, বরং নিজস্ব আদর্শ ও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে এনসিপিকে এগিয়ে নিতে হবে। এ লক্ষ্যেই সাম্প্রতিক সময়ে শাহবাগে সমাবেশ, যুব সম্মেলন ও মিছিলের মতো কর্মসূচি পালন করেছে দলটি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মতবিরোধ

স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ১১ দলীয় ঐক্যের শরিকদের মধ্যে মতপার্থক্য আরও স্পষ্ট হয়েছে। জামায়াত এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি ও এলডিপিসহ কয়েকটি দল জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।

এনসিপিও এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতা আখতার হোসেন। ইতোমধ্যে শতাধিক উপজেলা ও পৌরসভায় দল-সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। পাশাপাশি ছয়টি সিটি করপোরেশনে মেয়র পদে দল-সমর্থিত প্রার্থীর নামও প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, স্থানীয় নির্বাচনে কেন্দ্রীয়ভাবে জোট হবে না। তবে স্থানীয় পর্যায়ে শরিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী দিতে পারবে।

ঢাকার দুই সিটি নির্বাচনেও দূরত্ব

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ঘিরেও এনসিপি ও জামায়াতের মধ্যে মতপার্থক্য রয়েছে। ঢাকার দক্ষিণে মেয়র পদে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সমর্থন দিয়েছে এনসিপি।

অন্যদিকে দক্ষিণে জামায়াত সমর্থন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমকে। উত্তরে দলটির নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন মেয়র পদে প্রচার চালাচ্ছেন। শরিকদের প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়ে জামায়াতের অনীহাও দুই দলের দূরত্ব বাড়ার অন্যতম কারণ বলে জোটসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারের প্রতি জামায়াতের অবস্থান নিয়েও অসন্তোষ

দ্রব্যমূল্য, জ্বালানি সংকট, শ্রমিকদের মজুরি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে জামায়াত সরকারের বিরুদ্ধে যথেষ্ট কঠোর অবস্থান নিচ্ছে না বলে অভিযোগ কয়েকটি শরিক দলের নেতাদের। তাদের মতে, সংসদ ও রাজপথে বিরোধী দলের ভূমিকা আরও জোরালো হওয়া প্রয়োজন।

তবে জামায়াতের জ্যেষ্ঠ নেতারা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলছেন, সরকারের সঙ্গে কোনো সমঝোতা নেই। দেশে অস্থিতিশীলতা তৈরি না করে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্মসূচি দিচ্ছে দলটি। নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া ও ক্ষমতার পালাবদল বাধাগ্রস্ত হতে পারে—এমন পরিস্থিতি এড়াতে তারা সতর্ক অবস্থান নিয়েছেন।

এদিকে ১১ দলীয় ঐক্যের নেতারা জানিয়েছেন, জোট ভাঙার কোনো সিদ্ধান্ত হয়নি। বরং সংবিধান সংস্কারের দাবিতে ঐক্য ধরে রাখার পাশাপাশি শরিক দলগুলো নিজ নিজ রাজনৈতিক কর্মসূচি আরও সক্রিয়ভাবে পালন করবে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ