কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত একটি গণমিছিলকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের ব্যানার ব্যবহারের বিষয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা।
তার অভিযোগ, গণমিছিলের আগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আমন্ত্রণ জানানো হলে এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা কর্মসূচিতে অংশগ্রহণের প্রস্তুতি নেন। তবে মিছিল শুরুর আগে ১১ দলীয় জোটের ব্যানার ব্যবহারের বিষয়টি সামনে আসায় বিভ্রান্তির সৃষ্টি হয়।
তিনি আরও দাবি করেন, এ সময় এনসিপির নেতৃবৃন্দকে নিয়ে আপত্তিও জানানো হয়।
এনসিপি নেতার ভাষ্য, ১১ দলীয় জোটের ব্যানার ব্যবহারের বিষয়টি উখিয়া জামায়াতের নেতৃবৃন্দের পুনর্বিবেচনা করা উচিত। একই সঙ্গে তিনি প্রত্যেক রাজনৈতিক দলকে নিজ নিজ ব্যানারে ও নিজস্ব কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দল হিসেবে এনসিপি উখিয়ায় সাংগঠনিক শক্তি গড়ে তুলছে এবং নিয়মিত রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে।
তবে এ বিষয়ে উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।