সৌদি আরবের মক্কায় একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) তাদের এ দণ্ড কার্যকর করা হয় বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বসির ও সিথি আক্তার।
প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তারের পর তদন্ত সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনে। পরে মামলাটি আদালতে পাঠানো হলে বিচারিক প্রক্রিয়া শেষে তাদের দোষী সাব্যস্ত করা হয়। এরপর আদালতের রায়ের ভিত্তিতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা কিংবা সেখানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন কার্যকরের অংশ হিসেবে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ালে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।