মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো এবং নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস’ কে।
শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, নেতানিয়াহু তার সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। ন্যাটো সম্মেলন শেষে আগামী সপ্তাহ অথবা তার পরের সপ্তাহে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, তাদের পারস্পরিক বোঝাপড়া খুবই ভালো এবং নেতানিয়াহু জানেন, ‘আসল বস’ কে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানান বেনিয়ামিন নেতানিয়াহু। ওই ফোনালাপেই দুজনের মধ্যে শিগগিরই ওয়াশিংটনে বৈঠক আয়োজনের বিষয়ে সম্মতি হয়।
তবে সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও লেবাননকে ঘিরে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্যের বিষয়টি প্রকাশ্যে এসেছে। ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এবং নতুন পারমাণবিক আলোচনা এগিয়ে নিতে সমঝোতার পক্ষে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান সীমিত রাখার জন্যও তিনি নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করেছেন।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তার ভাষ্য, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার কারণে দুই পক্ষের আলোচনা এক সপ্তাহের জন্য স্থগিত রয়েছে। এ সময়ের মধ্যে একে অপরের বিরুদ্ধে কোনো হামলা চালানো হবে না বলেও তিনি উল্লেখ করেন।
খামেনির শেষকৃত্যে বিপুল মানুষের উপস্থিতি নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, তার ধারণা ছিল খামেনিকে ইরানের মানুষ পছন্দ করত না। তাই শেষকৃত্যে মানুষের কান্না দেখে তিনি বিস্মিত হয়েছেন। তবে এ বিষয়ে তিনি মন্তব্য করেন, ‘কে জানে, ওগুলো হয়তো লোকদেখানো কান্নাও হতে পারে।