🏠︎ » বাংলাদেশ » রাজধানী » মাদক নিয়ন্ত্রণে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক নিয়ন্ত্রণে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিদ্যমান আইনি কাঠামো আরও কার্যকর করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমান আইন প্রয়োগের মাধ্যমে মাদক সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদকসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি এবং বিচারিক জট কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর একটি মিলনায়তনে নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের বিভিন্ন আদালতে বিপুলসংখ্যক মাদক মামলা বিচারাধীন রয়েছে। শুধু ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলাতেই প্রায় এক লাখ ৩৭ হাজার মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। এর মধ্যে ঢাকায় প্রায় ৮০ হাজার, চট্টগ্রামে ৩৯ হাজার এবং কক্সবাজারে প্রায় ১৮ হাজার মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে।

তিনি বলেন, মামলার এ বিশাল চাপের কারণে সংশ্লিষ্ট আইনজীবী ও বিচার সংশ্লিষ্টদের জন্য সময়মতো মামলার কার্যক্রম সম্পন্ন করা কঠিন হয়ে পড়ছে। ফলে অনেক ক্ষেত্রে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে এবং অপরাধীরা আইনের ফাঁক গলে পার পাওয়ার সুযোগ পাচ্ছে।

মাদকবিরোধী অভিযানে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে সালাউদ্দিন আহমদ বলেন, শুধুমাত্র প্রচলিত ব্যবস্থার ওপর নির্ভর করে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ কারণে আইনি কাঠামোকে আরও শক্তিশালী ও সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল বৃদ্ধি এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা জোরদারের কাজও চলমান রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কার্যকর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেশে মাদক নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কার্যক্রমে অবদান রাখায় বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে মনোনীত নিরাময় কেন্দ্রগুলোর প্রতিনিধিদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ