সিলেটে একটি সরকারি অনুষ্ঠানে মাত্র তিন মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ৮৬ বার ‘স্যার’ বলে সম্বোধন করে আলোচনায় এসেছেন সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার এবং বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল।
প্রায় তিন মিনিটের ওই বক্তব্যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় প্রতিটি বাক্যে তিনি মন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করেন। পরে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ঘটনাটিকে অতিরিক্ত তোষামোদ হিসেবে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ সরকারি কর্মকর্তাদের বক্তব্য দেওয়ার ধরন এবং প্রশাসনিক সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল বলেন, তিন মিনিটের বক্তব্যে বারবার ‘স্যার’ শব্দটি ব্যবহার করা কোনো উদ্দেশ্যপ্রণোদিত বিষয় নয়। এটি তার দীর্ঘদিনের অভ্যাস এবং সিনিয়রদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি স্বাভাবিক প্রকাশ।
তিনি আরও বলেন, বক্তব্য দেওয়ার সময় অভ্যাসবশত ‘স্যার’ শব্দটি বেশি উচ্চারিত হয়েছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কে কী মন্তব্য করছেন, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে তার উদ্দেশ্য ছিল কেবল একজন সিনিয়র ব্যক্তিকে বিনয়ের সঙ্গে সম্মান জানানো।