🏠︎ » বাংলাদেশ » অপরাধ » শার্শায় চাঁদার দাবিতে পিস্তল ঠেকিয়ে হুমকি

শার্শায় চাঁদার দাবিতে পিস্তল ঠেকিয়ে হুমকি

বেনাপোল প্রতিনিধি যশোরের শার্শা উপজেলায় চাঁদা দাবিকে কেন্দ্র করে পিস্তল প্রদর্শন করে প্রকাশ্যে বিপুল বিশ্বাস নামে এক যুবককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শরিফুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শার্শা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টা পার হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে শার্শা থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বিপুল বিশ্বাস। এর আগে সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত শরিফুল শার্শা উপজেলার ফুলসাড়া গ্রামের ইউসুফের ছেলে। অন্যদিকে, ভুক্তভোগী বিপুল বিশ্বাস ডিহি ইউনিয়নের বিশ্বাসবাড়ি এলাকার সামসুর বিশ্বাসের ছেলে।

অভিযোগকারী বিপুল বিশ্বাস জানান, সম্প্রতি একটি সালিশকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে শরিফুল তাঁকে মারধর করেন। এ ছাড়া তাঁর এক চাচাতো ভাইয়ের কাছে শরিফুল দুই লাখ টাকা চাঁদা দাবি করেন বলেও অভিযোগ করেন তিনি। এসব বিষয় নিয়ে শরিফুলের সঙ্গে তাঁর বিরোধ চলছিল।


বিপুল বিশ্বাসের অভিযোগ, এরই জেরে শাড়াতলা বাজারে শত শত মানুষের সামনে শরিফুল তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে শরিফুল শাওন নামে এক ব্যক্তির মোটরসাইকেলে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন বলে তিনি দাবি করেন।


বিপুল বিশ্বাস বলেন, এ ঘটনার পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।।

আহম্মদ আলী শাহিন, বেনাপোল প্রতিনিধি

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ