🏠︎ » বাংলাদেশ » অপরাধ » বাকাতলায় অভিযানে ২৮টি ভারতীয় গরু ও নৌকা জব্দ, পালাল চোরাকারবারিরা

বাকাতলায় অভিযানে ২৮টি ভারতীয় গরু ও নৌকা জব্দ, পালাল চোরাকারবারিরা

বাকাতলায় ভারতীয় ২৮ গরু জব্দ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী বাকাতলা এলাকায় অভিযান চালিয়ে ২৮টি ভারতীয় গরু এবং একটি স্টিল বডির নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ হওয়া গরু ও নৌকার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ ৩০ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বাকাতলা এলাকায় অভিযান চালানো হয়। সীমান্তের মেইন পিলার ১১৯০/১০-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ভারত থেকে অবৈধভাবে আনা একটি স্টিল বডির নৌকাসহ মাঝারি আকারের ২৮টি গরু জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা সীমান্ত ব্যবহার করে সংঘবদ্ধ চোরাকারবারি চক্র ভারতীয় গরু, মাদকদ্রব্য, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য দেশে প্রবেশ করিয়ে আসছে। তাদের দাবি, বাকাতলাসহ আশপাশের এলাকায় চোরাচালানের ঘটনা বেড়ে গেলেও তা স্থায়ীভাবে নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়।

এ বিষয়ে বিজিবি সেক্টর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। জব্দ হওয়া গরু ও নৌকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ