ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ যুবক মো. রাশিদুল ইসলাম (১৯)-এর মাথার খুলিসহ শরীরের বিভিন্ন হাড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃরা হলেন- ফুলপুর উপজেলার কুকাইল ১ম খণ্ড এলাকার রিয়াজ উদ্দিন ও হাসিনা খাতুনের ছেলে জসিম উদ্দিন (২৪), ছাবেদ আলী ওরফে মিঠু এর ছেলে রফিক ওরফে রফিদ (২৮) এবং মৃত আঃ রহিমের ছেলে মোজাম্মেল (২৭)।
পুলিশ জানায়, রাশিদুল ইসলামকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় গত ২৫ আগস্ট ফুলপুর থানায় একটি মামলা হয়। মামলাটি তদন্তের একপর্যায়ে গোয়েন্দা তথ্য ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রোববার (৬ সেপ্টেম্বর) তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার জসিম উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাশিদুল ইসলামের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন হাড় উদ্ধার করা হয়। এ সময় তাঁর পরনের একটি প্যান্ট ও গেঞ্জিও উদ্ধার করা হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, উদ্ধার করা দেহাবশেষের সুরতহাল প্রস্তুত, ডিএনএ আলামত সংরক্ষণ এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মর্গে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
ফুলপুর থানার মামলা নম্বর-১৭। মামলায় দণ্ডবিধির ৩৬৪ ও ৩৮৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তপু রায়হান রাব্বি || ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি ||