🏠︎ » জাতীয় » রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কে প্রার্থী হবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এর আগে সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা সংসদের ভেতরেই ভোট দেবেন। সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের উপস্থিতিতে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হবে। ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়া গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না। দলের সিদ্ধান্ত অমান্য করে ভোট দিলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের পদ নিয়ে সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে।

এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রত্যাশা ছিল, সরকার তা বাস্তবায়ন করছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন ঠেকাতে ১১ দলীয় জোট অভিন্ন প্রার্থী দিয়েছে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশনকক্ষে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপরই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

সর্বশেষ