🏠︎ » জাতীয় » ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

সাবেক ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সাকিব একজন ভালো খেলোয়াড় হলেও মানুষ হিসেবে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া’।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাকিব দেশে ফিরতে চাইলে তাকে নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশে ফেরার পর তাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং আইন অনুযায়ী তার অধিকার নিশ্চিত করা হবে।

একই প্রসঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়েও কথা বলেন তিনি। জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকেও দেশে ফেরার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে এবং একজন নাগরিক হিসেবে তিনি তার আইনগত অধিকার পাবেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়েও বক্তব্য দেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, বন্ধু পরিবর্তন করা সম্ভব হলেও প্রতিবেশী পরিবর্তন করা যায় না। ভবিষ্যতে ভারত-বাংলাদেশ সম্পর্ক সমতার ভিত্তিতে নতুনভাবে গড়ে তোলার প্রত্যাশা রয়েছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছর দুই দেশের মধ্যে যে ধরনের সম্পর্ক ছিল, সেখান থেকে বেরিয়ে বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়।

শেখ হাসিনা সরকারের সময় ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বাংলাদেশে যেভাবে কাজ করেছে, ভবিষ্যতে সেই ধরনের ব্যবস্থা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, দুই দেশের বিভিন্ন বিষয় এখন থেকে পারস্পরিক আলোচনা ও সমতার ভিত্তিতে নির্ধারণ করা হবে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে জাহেদ উর রহমান জানান, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ভারত সরকারের পক্ষ থেকেও আলাদাভাবে আমন্ত্রণ রয়েছে। ফলে প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে ভারত সফর করতে পারেন।

আরও পড়ুন

সর্বশেষ