🏠︎ » জাতীয় » ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের দেলাওয়ারের মনোনয়ন জমা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের দেলাওয়ারের মনোনয়ন জমা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১-দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জামায়াতে ইসলামীর জেলা আমির মো. বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মো. আলমগীর, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক কফিল উদ্দিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা দেওয়ার পর দেলাওয়ার হোসেন বলেন, তিনি ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং জয়ের বিষয়ে আশাবাদী। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেলাওয়ার হোসেন বলেন, গত নির্বাচনের সময় ভোটারদের কাছে মির্জা ফখরুল বলেছিলেন, সেটিই তার জীবনের শেষ নির্বাচন। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও গ্রহণযোগ্যতার কারণে অনেকে তাকে ভোট দিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি। এবার ঠাকুরগাঁও-১ আসনের ভোটাররা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আশা প্রকাশ করেন দেলাওয়ার।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

দেলাওয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিও। আসন্ন উপনির্বাচনে তিনি ১১-দলীয় ঐক্যের সমর্থনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ