🏠︎ » জাতীয় » ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। বর্তমান নির্বাচনি পরিবেশ সন্তোষজনক উল্লেখ করে আগামী ২৯ অক্টোবর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আশাবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সানাউল্লাহ বলেন, এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে না। জাতীয় নির্বাচনের তুলনায় প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। তাই অতিরিক্ত নিরাপত্তা বাহিনী হিসেবে সেনা মোতায়েনের প্রয়োজন রয়েছে বলে মনে করছে না কমিশন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নির্বাচনে প্রযুক্তিনির্ভর নজরদারির বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং ধারণ করা ফুটেজ সংরক্ষণ করা হবে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। ড্রোনের মাধ্যমেও তাৎক্ষণিক নজরদারি ও দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।

নির্বাচনি অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি জানান, অভিযোগ তদন্ত ও নিষ্পত্তির জন্য ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। পাশাপাশি মাঠপর্যায়ে বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। এ পর্যন্ত পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে, অন্য দুটি তদন্তাধীন রয়েছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় উপনির্বাচন ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ