🏠︎ » জাতীয় » আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছি না: স্পিকার

আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছি না: স্পিকার

আগামী ১০ বছরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এমন ধারণা পোষণ করছেন বলে জানান।

বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্পিকার। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনি ব্যবস্থার সংস্কার, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং ভোলার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার নিয়ে কথা বলেন তিনি।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ তাদের শাসনামলে এমন পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছিল। এ অবস্থা থেকে উত্তরণে নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি।

স্পিকার বলেন, একজন ব্যক্তি অর্থশালী না হলেও তাঁর জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা থাকতে পারে। এ ধরনের ব্যক্তিদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। এ জন্য নির্বাচন কমিশনকে কার্যকর পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে নির্বাচনে অংশ নিতে পারেন এবং অর্থনৈতিক সামর্থ্য নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে না দাঁড়ায়।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া অত্যন্ত জরুরি। গত ১৭ বছরে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে মন্তব্য করে তিনি আশা প্রকাশ করেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।

ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা ও স্থানীয় মানুষের অধিকার প্রসঙ্গে স্পিকার বলেন, জেলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। দেশের বর্তমান গ্যাসের মজুতের তুলনায় ভোলায় উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস রয়েছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি জেলায় আরও গ্যাসের সন্ধান পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে আশা প্রকাশ করেন।

ভোলার বাসিন্দাদের গ্যাসের চাহিদার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে গ্যাসের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন। ভোলার গ্যাসের ওপর স্থানীয় বাসিন্দাদের ন্যায্য অধিকার রয়েছে, যা তাঁদের দীর্ঘদিনের দাবি। বিষয়টি নিয়ে জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ