ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গে আক্রান্ত তিন মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৮ শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৯০ শিশু।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্র জানায়, নেত্রকোনার বনুয়াপাড়া এলাকার তিন মাস বয়সী ওই শিশুকে বুধবার (২৯ জুলাই) দুপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, হামের উপসর্গের পাশাপাশি শিশুটি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ শিশু।
চলতি বছরের ১৭ মার্চ থেকে ৩০ জুলাই সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ৩ হাজার ১০১ শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৯৪৭ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে। এ সময়ের মধ্যে মোট ৬০ শিশুর মৃত্যু হয়েছে এবং বর্তমানে ৯০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বেঙ্গল প্রতিদিন-কে বলেন, গত ২৪ ঘণ্টায় একজন শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৮ শিশু ভর্তি হয়েছে। তবে আগের তুলনায় প্রতিদিন রোগীর চাপ কিছুটা কমছে। অনেক শিশুই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তিনি জানান, হাম আইসোলেশন ওয়ার্ডে তিনটি বিশেষ মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিচ্ছে এবং আক্রান্ত শিশুদের সুস্থ করতে চিকিৎসকেরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।