দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন। ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন তিনি। তিন মাস পরপর এসব পরিবারের বাজার খরচের জোগান দেবেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই উদ্যোগের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন রাশমিকা। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘জয়াম্মা’ চরিত্রটির সঙ্গে তাঁর ব্যক্তিত্বের বেশ কিছু মিল রয়েছে। অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতাও সেই মিলের অন্যতম দিক বলে উল্লেখ করেন তিনি।
রাশমিকা জানান, আগে ব্যক্তিগত এসব মানবিক উদ্যোগের কথা প্রকাশ্যে আনতেন না। নিজের ও দলের কয়েকজন সদস্যের মধ্যেই বিষয়গুলো সীমাবদ্ধ রাখতেন। তবে তাঁর এই উদ্যোগ অন্যদেরও মানুষের কল্যাণে কাজ করতে উৎসাহিত করতে পারে এমন চিন্তা থেকেই এবার বিষয়টি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন।
অভিনেত্রীর পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছর প্রতি তিন মাস অন্তর নির্বাচিত ৪০০টি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার খরচ দেওয়া হবে। এতে পরিবারগুলো দৈনন্দিন বাজারের ব্যয় সামলে কিছু অর্থ সঞ্চয় করতে পারবে এবং তা ভবিষ্যতের প্রয়োজন মেটাতে কাজে লাগাতে পারবে বলে আশা করছেন তিনি।
অসহায় ও সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রাশমিকা বলেন, কারও জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সব সময় বড় কোনো উদ্যোগের প্রয়োজন হয় না। সামর্থ্য অনুযায়ী ছোট একটি ভালো কাজও অন্যের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কর্মসূচির আওতায় যেসব খাদ্যসামগ্রী দেওয়া হবে, সেগুলোর একটি তালিকাও প্রকাশ করেছেন তিনি।
নিজের পেশাগত জীবনের নানা চ্যালেঞ্জ, শারীরিক আঘাত ও মানসিক চাপের প্রসঙ্গ তুলে অভিনেত্রী জানান, সহায়তা পাওয়া পরিবারগুলোর মুখে হাসি দেখতে পারা তাঁর কাছে বিশেষ আনন্দের। তাঁদের এই হাসি তাঁর নিজের কষ্ট ও পরিশ্রমকে সার্থক করে তোলে বলে মনে করেন তিনি।
এদিকে রাশমিকা বর্তমানে তাঁর নতুন সিনেমা ‘রণবালি’ মুক্তির অপেক্ষায় রয়েছেন। ছবিটিতে তাঁকে জয়াম্মা চরিত্রে দেখা যাবে। চরিত্রটির সঙ্গে নিজের ব্যক্তিত্বের মিল রয়েছে বলেও জানিয়েছেন অভিনেত্রী।
ছবিতে রাশমিকার সহশিল্পী হিসেবে রয়েছেন তাঁর স্বামী বিজয় দেবেরাকোন্ডা। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর পর এটি তাঁদের একসঙ্গে অভিনীত তৃতীয় সিনেমা। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ছবিটির কাহিনির পটভূমিতে রয়েছে ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের ‘গ্রেট মাদ্রাজ দুর্ভিক্ষ’। সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগের দিন, ১৫ অক্টোবর মুক্তির কথা রয়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ সিনেমার।
সূত্র: ইন্ডিয়া টুডে