সিনেমার পর্দায় প্রতিবাদী মন্ত্রীর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী এবার বাস্তব জীবনেও পেলেন মন্ত্রীর মর্যাদা। তাকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে তাকে ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে মিঠুন চক্রবর্তীর নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
এর আগে উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিঠুন চক্রবর্তীকে সাংস্কৃতিক উপদেষ্টা করার কথা জানিয়েছিলেন। পরবর্তীতে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলো।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ সিনেমায় একজন প্রতিবাদী মন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন মিঠুন। চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই পর্দার চরিত্রের সঙ্গে বাস্তব জীবনে মন্ত্রীর মর্যাদাসম্পন্ন দায়িত্ব পাওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
মিঠুনকে ঠিক কী ধরনের দায়িত্ব পালন করতে হবে, তা এখনো বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়নি। তবে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনেই রয়েছে। সরকারি সূত্র ও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দায়িত্বে তার কার্যপরিধি পরবর্তী সময়ে স্পষ্ট করা হবে।
এরই মধ্যে রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক ও চলচ্চিত্রবিষয়ক কর্মকাণ্ডে মিঠুনের সম্পৃক্ততা দেখা যাচ্ছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ চলচ্চিত্র ও সংস্কৃতিসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
রাজনীতিতেও সক্রিয় মিঠুন চক্রবর্তী। ২০২১ সালে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার আগে তিনি তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হয়েছিলেন। পরে ২০১৬ সালে মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন। বিজেপিতে যোগ দেওয়ার পর দলটির বিভিন্ন নির্বাচনী প্রচার ও রাজনৈতিক কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে।