নরসিংদী থেকে মেয়ের মরদেহ নিয়ে সুনামগঞ্জের বাড়িতে ফেরার পথে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে নারী ও শিশুসহ অ্যাম্বুলেন্সে থাকা ১৩ জন আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন—জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামের হেলাল মিয়া (৫৫), তার স্ত্রী হেনা আক্তার (৩৫), সাদিয়া আক্তার (১৫), তানিসা আক্তার (৮), ছেলে আরিফুল ইসলাম ফয়েজ (২০), আবু সুফিয়ান (১৩), ফয়েজের স্ত্রী রহিমা বেগম (১৯), ছেলে মো. রাইয়ান মিয়া (২), হেলাল মিয়ার ছোট ভাই বিল্লাল হোসেন (২২), বিল্লালের স্ত্রী তানজিনা বেগম (২০), তাদের মেয়ে সাবিনা বেগম (৪), ছেলে ফুয়াদ আহমেদ (২) এবং অ্যাম্বুলেন্সচালক রনক হাসান হৃদয় (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেনারবাঁক গ্রামের হেলাল মিয়ার মেয়ে নাদিয়া আক্তার (১৭) শুক্রবার রাতে নরসিংদীর গাউছিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরদিন সকালে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় নারী ও শিশুসহ দুই পরিবারের ১২ জন অ্যাম্বুলেন্সটিতে ছিলেন।
সদরপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় এক পথচারী ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খাদ থেকে মরদেহসহ সবাইকে উদ্ধার করেন।
আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আরেকটি অ্যাম্বুলেন্স ও গাড়িতে করে তাদের বাড়িতে পাঠানো হয়।
নিহত নাদিয়ার চাচা কাজল মিয়া বলেন, তার দুই ভাই পরিবার নিয়ে নরসিংদীতে বসবাস করেন। বড় ভাইয়ের মেয়ে নাদিয়া আগের রাতে বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। সকালে মরদেহ নিয়ে বাড়ি ফেরার সময় অ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায়। এতে ভেতরে থাকা সবাই আহত হন। তবে আল্লাহর রহমতে বড় ধরনের বিপদ থেকে তারা রক্ষা পেয়েছেন।
শান্তিগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. ফজল মিয়া জানান, নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ওই তরুণীর মরদেহ স্বজনরা অ্যাম্বুলেন্সে করে জামালগঞ্জের ফেনারবাঁক গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে সদরপুর এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
তিনি বলেন, পথচারীর কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহসহ সবাইকে উদ্ধার করেন। অ্যাম্বুলেন্সে মরদেহের সঙ্গে থাকা ১২ জন যাত্রী এবং চালক সবাই আহত হয়েছেন। পরে তাদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।