🏠︎ » পরিবেশ » বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব দেশে

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব দেশে

মহাজাগতিক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। আজ বুধবার (১২ আগস্ট) দেখা যাবে ২০২৬ সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় চাঁদের ছায়ায় ঢেকে যাবে সূর্যের পুরো অংশ। নির্দিষ্ট কিছু এলাকায় দিনের আলো সাময়িকভাবে অনেকটা কমে গিয়ে অন্ধকার নেমে আসবে।

এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, স্পেন এবং পর্তুগালের কিছু অংশ থেকে। ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল ও উত্তর-পশ্চিম আফ্রিকার বিভিন্ন জায়গা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

বিশেষ করে স্পেনের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিম পর্তুগালের কিছু এলাকায় সূর্যাস্তের কাছাকাছি সময়ে পূর্ণগ্রাস দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেখানে সূর্যাস্ত ও পূর্ণগ্রাসের বিরল দৃশ্য একসঙ্গে উপভোগ করা যাবে।

বাংলাদেশ থেকে দেখা যাবে না

বাংলাদেশের আকাশ থেকে এবারের সূর্যগ্রহণ দেখা যাবে না। পূর্ণগ্রাসের পাশাপাশি আংশিক গ্রহণও বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না।

বাংলাদেশ সময় অনুযায়ী রাত ৯টা ৩৪ মিনিটে পৃথিবীর প্রথম স্থানে আংশিক গ্রহণ শুরু হবে। রাত ১০টা ৫৮ মিনিটে পূর্ণগ্রাস শুরু হওয়ার পর রাত ১১টা ৪৬ মিনিটে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এ সময় পূর্ণগ্রাসের স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড।

রাত ১২টা ২৭ মিনিটে স্পেনের কিছু এলাকায় পূর্ণগ্রাস শুরু হবে। রাত ১২টা ৩৪ মিনিটে বিশ্বজুড়ে পূর্ণগ্রাসের পর্যায় শেষ হবে। এরপর রাত ১টা ৫৮ মিনিটে পৃথিবীর সর্বশেষ স্থানে আংশিক সূর্যগ্রহণও শেষ হওয়ার কথা রয়েছে।

পূর্ণগ্রাসের স্থায়িত্ব স্থানভেদে আলাদা হবে। গ্রহণের কেন্দ্রীয় পথের কাছাকাছি এলাকায় এটি দুই মিনিটের কিছু বেশি সময় স্থায়ী হতে পারে। এ সময় সূর্যের বাইরের বায়ুমণ্ডল বা করোনা দৃশ্যমান হওয়ার সুযোগ থাকে।

সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে সূর্যের আলো আংশিক বা পুরোপুরি আড়াল করে দেয়। পূর্ণগ্রাসের সময় চাঁদ পুরো সূর্যকে ঢেকে ফেললে দিনের আকাশ অল্প সময়ের জন্য অন্ধকার হয়ে আসে।

এর আগে ২০২৪ সালের ৮ এপ্রিল উত্তর আমেরিকায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ আগস্ট। সেটি দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেনের বিভিন্ন এলাকা থেকে দেখা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ