আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠা সৈয়দা ফৌজিয়া হোসেন বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি বর্তমানে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক অতীত ও বর্তমান পরিচয় নিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, সৈয়দা ফৌজিয়া হোসেন একসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা মহানগর কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও দাবি করছেন তারা।
তৃণমূলের নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, অতীতে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে ফৌজিয়ার অংশগ্রহণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এমনকি তারেক রহমানের ফাঁসির দাবিতে আয়োজিত মানববন্ধনেও তিনি অংশ নিয়েছিলেন বলে দাবি তাদের।
এ অবস্থায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন ব্যক্তিরা কীভাবে বিএনপির বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন—এ নিয়ে প্রশ্ন তুলেছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা। তারা এ ধরনের ব্যক্তিদের দলে অন্তর্ভুক্তির পেছনে কারা ভূমিকা রাখছেন, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে সৈয়দা ফৌজিয়া হোসেনের বর্তমান রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ড নিয়ে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।