ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ আগস্ট) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
ডনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজির। তিনি জানান, ডনকে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
সিআইডি সূত্রে জানা গেছে, ডন সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে থাকা অন্য আসামিদের মধ্যে রয়েছেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, অভিনেতা ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে। তার মৃত্যুর পর থেকেই ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ও নানা আলোচনা চলে আসছে।
সালমান শাহর পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই দাবি করা হয়ে আসছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে চাইলেও পুলিশ প্রথমে ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করেছিল।
নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে অভিষেকের পর অল্প সময়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নেন সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হন। তার অকাল মৃত্যু আজও চলচ্চিত্রপ্রেমীদের কাছে গভীরভাবে আলোচিত একটি ঘটনা।