জেলা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁ শহরে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের চাপায় আ. ত. ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আ. ত. ম ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে কর্মস্থল জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন তিনি। পথে দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে তিনি সড়কের ওপর পড়ে যান।
এ সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মুক্তির মোড়ের দিকে আসা একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, অটোরিকশার ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যাওয়ার পর দুর্ঘটনাটি ঘটে। তাদের দাবি, বাসচালকের কোনো গাফিলতি ছিল না।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বেঙ্গল প্রতিদিন-কে জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।