ময়মনসিংহ অফিস :
ময়মনসিংহে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার দীঘারকান্দায় অবরোধ করে রাখে চালকরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বিক্ষোভকারী চালকদের অভিযোগ, কয়েক দিন ধরে জেলার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নেই। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও অনেক চালক গ্যাস ছাড়াই ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এতে নিয়মিত যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে।
চালক আমিনুল হক বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে সব সিএনজি ফিলিং স্টেশনে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করুক।
অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী বাস, ট্রাক, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রী, কর্মস্থলগামী মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে আশপাশের সড়কেও যান চলাচলে বিঘ্ন ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত চালকদের সঙ্গে আলোচনা করে। পরে তাদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানালে তারা অবরোধ প্রত্যাহার করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিব্বিরুল আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধকারী চালকদের সঙ্গে কথা বলে বুঝিয়ে-শুনিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়