ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি এর নতুন পরিচালক হলেন অঞ্জন কুমার চিছাম।
মঙ্গলবার (২১ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ এর ধারা- ১১ (১) এবং ১১ (২) অনুযায়ী জনাব অঞ্জন কুমার চিছাম-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি, দুর্গাপুর নেত্রকোণা এর পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।
অঞ্জন চিছাম দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের মাধবপুর গ্রামের কৃতিসন্তান। তিনি দুর্গাপুরের স্থানীয় স্কুল ও কলেজে পড়াশোনা শেষে এশিয়ান ইউনিভার্সিটি থেকে অনার্স এবং রয়েল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সম্পন্ন করেন।
নবনিযুক্ত পরিচালক হবার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অঞ্জন কুমার চিছাম বলেন, মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের বিভিন্ন নৃ গোষ্ঠীর সংস্কৃতি বিকাশে কাজ করছে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমী বিরিশিরি। আমি এই একাডেমির উন্নয়নকল্পে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবো। আমাদের এই অঞ্চলে বসবাসকারী নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ তাদের সংস্কৃতি রক্ষার পাশাপাশি হারিয়ে যাওয়া সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য কাজ করবো। আমি এই কাজে সকলের সহযোগিতা কামনা করছি।
মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি