যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরে পালিত হয়েছে জুলাই শহিদ দিবস। দিবসটি উপলক্ষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহিদদের স্মরণে দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে শহরের শকুনি লেকপাড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
এ সময় জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।