বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার এবং ক্ষমতা গ্রহণের চার মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর নির্বাচনী ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
বুধবার সকালে মাদারীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিবা সাবাবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাদারীপুরের উপপরিচালক ড. রহিমা খাতুন এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার।
অনুষ্ঠানে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
আয়োজকরা জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়েছে।