🏠︎ » সারাদেশ » রাজশাহী » নওগাঁয় পলিথিনবিরোধী সচেতনতা অভিযান, আইন ভাঙলে মোবাইল কোর্টের সতর্কবার্তা

নওগাঁয় পলিথিনবিরোধী সচেতনতা অভিযান, আইন ভাঙলে মোবাইল কোর্টের সতর্কবার্তা

একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা বাড়াতে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।

রোববার, ১৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২টা থেকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ প্রচারণা পরিচালিত হয়। এ সময় মুদি দোকান, খাবারের হোটেল, ফলের দোকান, ফার্মেসি, কাপড়ের দোকান, হার্ডওয়্যার দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক-কর্মচারী ও পথচারীদের একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়।

প্রচারণাকালে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্যের সুরক্ষায় একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এ সময় জানানো হয়, আইন অমান্য করে একবার ব্যবহার্য প্লাস্টিক বা নিষিদ্ধ পলিথিন ব্যবহার অব্যাহত রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রচারণায় নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। এ সময় কার্যালয়ের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোঃ আব্দুল গফুর || বিশেষ প্রতিনিধি পত্নীতলা উপজেলা, নওগাঁ ||

আরও পড়ুন

সর্বশেষ