ময়মনসিংহ প্রতিনিধি: জনস্বাস্থ্য সুরক্ষা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত ঔষধ নিশ্চিত করতে ময়মনসিংহে ঔষধের অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত অ্যাকশন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবীর সরকার। বিশেষ অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন। জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ঔষধের মান নিয়ন্ত্রণ, লাইসেন্সবিহীন ফার্মেসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অননুমোদিত ও ভেজাল ঔষধের বিস্তার রোধ এবং ঔষধ বিক্রিতে বিদ্যমান বিভিন্ন অনিয়ম বন্ধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক বাদল সিকদারের উপস্থাপনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন উপপরিচালক গৌরী রানী বসাক। এ সময় ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলমসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ময়মনসিংহ জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অ্যাকশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ময়মনসিংহের বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারাও যুক্ত হন। পাশাপাশি চিকিৎসক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, সারাদেশে ঔষধের অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ মজুত ও বিক্রি, অননুমোদিত ঔষধের ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, নিরাপদ ও মানসম্মত ঔষধ নিশ্চিত করা জনস্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ অংশ। ঔষধের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মহাপরিচালক আরও বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই অনিয়ম পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এ জন্য সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়াতে হবে। প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ঔষধ প্রশাসন এবং অ্যাকশন কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ঔষধের অনিয়মের বিরুদ্ধে নজরদারি জোরদার, লাইসেন্সবিহীন ফার্মেসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভেজাল ও অননুমোদিত ঔষধের বিস্তার রোধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি হয়।