ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক ব্যাংক কর্মকর্তা এবং ঢাকাস্থ ভালুকা উপজেলা সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম নানা আর আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নূরুল ইসলাম নানা। দেশপ্রেম, কর্মনিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে তিনি নিজের কর্মজীবন অতিবাহিত করেন। ব্যাংক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা ছিল উল্লেখযোগ্য। ঢাকাস্থ ভালুকা উপজেলা সমিতি প্রতিষ্ঠায় তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ঢাকাস্থ ময়মনসিংহ জেলা সমিতির নেতৃবৃন্দ। এক শোকবার্তায় তাঁরা মরহুমের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, নূরুল ইসলাম নানার মৃত্যুতে পরিবার ও সমাজ একজন সম্মানিত ব্যক্তিত্বকে হারিয়েছে। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ও শোক সহ্য করার শক্তি দান করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।