বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণতান্ত্রিক অগ্রযাত্রা আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে এবং তৃণমূল পর্যায়ে মহিলা দলের সাংগঠনিক ভিত্তি মজবুত ও সক্রিয় করতে নেত্রকোণার দুর্গাপুরে জাতীয়তাবাদী মহিলা দল দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার পৌর শহরে বিএনপি কার্যালয়ে শত শত নারীর অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নারী সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। সকলের উৎসাহ-উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে শুরু হয় মূল অনুষ্ঠান।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা আক্তার। এতে বিশেষ অতিথি ছিলেন, মমতাজ বেগম, শাহনাজ আক্তার, নাজমা বেগম, চায়না আক্তার, নুরজাহান এবং শরিফা আক্তার।
এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে কলমাকান্দা উপজেলা থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি কলি আক্তার, মহিলা দলের আহ্বায়ক রেখা আক্তার; রাহেলা আক্তার, করুণা পাঠান ও সেলিনা আক্তার।
সম্মেলনে দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি, পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি সহ বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
মহিলা দলের এই সমাবেশে বক্তারা বলেন, জাতীয়তাবাদী মহিলা দলকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে হলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বিএনপি। একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়তে হলে নারীদের এগিয়ে আসতে হবে।