🏠︎ » সারাদেশ » রাজশাহী » পুলিশ ‘চিনি না’ বলায় থানার সামনে ছাত্রদল নেতার মশাল মিছিল

পুলিশ ‘চিনি না’ বলায় থানার সামনে ছাত্রদল নেতার মশাল মিছিল

রাজশাহীর পবায় পুলিশ তাকে চিনতে না পারার অভিযোগ তুলে থানার সামনে মশাল মিছিল ও বিক্ষোভ-সমাবেশ করেছেন সাদমান সাকিব নামের এক তরুণ ও তার সমর্থকরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দারুশায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে বক্তব্য দেন সাদমান সাকিব। তার বাড়ি পবা উপজেলার দারুশা রাধানগর গ্রামে। তিনি এর আগে জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত ১৫ আগস্ট ওই পদ থেকে পদত্যাগ করেন তিনি। বর্তমানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দলটিতে এখনো তার কোনো পদ নেই। তিনি জেলা ছাত্রদলের পদপ্রত্যাশী বলে জানা গেছে।

সাদমানের অভিযোগ, গত ২৮ আগস্ট একটি বিয়ের অনুষ্ঠান শেষে মধ্যরাতে তার দুই কর্মী নাজমুল ও রেফাজুল তাকে বাড়িতে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন। পথে শিশাপাড়া ঈদগাহের সামনে কর্ণহার থানা পুলিশের একটি দল তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ সময় উজ্জ্বল নামের এক এএসআই তাদের হয়রানি করেন এবং তাকে কটূক্তি করেন বলে অভিযোগ করেন সাদমান।

তিনি বলেন, পুলিশকে জানানো হয়েছিল যে তারা তাকে বাসায় নামিয়ে দিয়ে ফিরছেন। এরপরও তল্লাশির নামে তাদের হয়রানি করা হয় এবং তাকে কটূক্তি করা হয়েছে।

মশাল মিছিল শেষে আয়োজিত সমাবেশে সাদমান বলেন, বয়স কম দেখে তাদের হালকাভাবে দেখার সুযোগ নেই। সন্দেহ হলে পুলিশ থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে, তবে পুলিশের আচরণ খারাপ ছিল।

এ সময় তিনি স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সমালোচনা করেন এবং পুলিশি হয়রানির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আরএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।

অভিযোগের বিষয়ে কর্ণহার থানার ওসি হাবিবুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

তবে আরএমপির মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমান জানান, থানার সামনে মশাল মিছিল ও সমাবেশের ভিডিও তিনি দেখেছেন। পরে বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সাদমানের দুই কর্মী রাত ১টার পর মোটরসাইকেলে ফিরছিলেন। টহল পুলিশ তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা সাদমান সাকিবকে বাসায় নামিয়ে দিয়ে আসার কথা জানান। তখন এএসআই উজ্জ্বল বলেন, তিনি সাদমান সাকিবকে চেনেন না। এ ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভ-সমাবেশ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান আরএমপির এই কর্মকর্তা।

আরও পড়ুন

সর্বশেষ