আগামী ১৫ই সেপ্টেম্বর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে সারাদেশে শুরু হচ্ছে স্থানীয় নির্বাচনের আমেজ। তবে এরই মধ্যে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা বেশ তুঙ্গে। ঐতিহ্যগতভাবেই এটি রাজনৈতিকভাবে আলোচিত একটি অঞ্চল।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার স্থানীয় সরকার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই মনে করছেন ভোটাররা। দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন,পৌরসভা ও সদরে স্থানীয় নির্বাচনে কারা প্রার্থী হবেন তা নিয়ে চলছে আলোচনা। ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীদের একটি উল্লেখযোগ্য অংশ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। এছাড়া জামায়াত, সিপিবি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলোর প্রার্থীরাও প্রস্তুতি নিচ্ছেন।
দুর্গাপুর উপজেলা পরিষদে এবার চেয়ারম্যান হিসেবে আনোয়ার হোসেন আসাদকে দেখতে চান জনগণের একটি বৃহৎ অংশ। তিনি ইতোপূর্বে ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য প্রার্থী – এমনটাই বলছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন আনোয়ার হোসেন আসাদ। বিগত সময়ে একাধিকবার কারাবরণসহ বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে জানান তার সমর্থকরা।
আনোয়ার হোসেন আসাদ ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তৎকালীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বিপুল ভোটে পরাজিত করে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। সমর্থকদের মতে, জনগণের ভোট ও ভালোবাসাই ছিল তার বিজয়ের মূল শক্তি।
স্থানীয়রা বলেন, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, মানুষের কথা শোনা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা থেকেই তারা আনোয়ার হোসেন আসাদকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
আনোয়ার হোসেন আসাদ বর্তমানে দুর্গাপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি, দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক এর দায়িত্বও পালন করেছেন।
স্থানীয় নাগরিকরা বলেন, আগামী দিনে আনোয়ার হোসেন আসাদ উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন। পাশাপাশি দুর্গাপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তারা বলেন, আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সাধারণ মানুষের কথা শুনবেন, বিপদে পাশে দাঁড়াবেন এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। আনোয়ার হোসেন আসাদকে আমরা সেই নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করি।
উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হবার বিষয়ে আনোয়ার হোসেন আসাদের পক্ষ থেকে এখনো কোন আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জনগণের একটি বৃহৎ অংশ তাকে নিয়েই স্বপ্ন দেখছেন। তারা প্রত্যাশা করছেন মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও কাজই তাকে এগিয়ে রেখেছে। ভোটের লড়াইয়ে তাকেই উপযুক্ত মনে করছেন তারা।