🏠︎ » বিশ্ব » সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, সবাই চকরিয়ার

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, সবাই চকরিয়ার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। শুক্রবার দিবাগত রাতে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। স্বজনদের সঙ্গে যাত্রা করলেও আর বাড়ি ফেরা হলো না তাঁদের।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। বাংলাদেশিদের বহনকারী একটি গাড়িকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতদের পরিচয় নিশ্চিত করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। হিমায়িত সামুদ্রিক খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান আল-আবির কোল্ডস্টোরের দুই কর্মী ও তাঁদের চার স্বজন এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহত অপরজন প্রতিষ্ঠানটির এক কর্মীর স্ত্রী।

নিহতরা হলেন—আল-আবির কোল্ডস্টোরের স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে; স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী মেয়ে এবং প্রতিষ্ঠানটির ড্রাইভার ইলিয়াসের স্ত্রী।

প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানান, তাঁরা ব্যক্তিগত গাড়িতে করে মদিনা থেকে জেদ্দার উদ্দেশে যাচ্ছিলেন। পথে মরুভূমির দীর্ঘ মহাসড়কে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা সাতজনেরই মৃত্যু হয়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সৌদি প্রবাসী ও চকরিয়ার বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা কাজ শেষ করে মদিনা থেকে রাত আনুমানিক ২টার দিকে বাসায় ফিরছিলাম। আমরা যেখানে গাড়ি থেকে নামি, সেখানে দেখি একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে আছে। ঘটনাস্থলেই কয়েকজন মারা গেছেন। পরে খবর নিয়ে জানতে পারি, তাঁরা আমাদের এলাকার মানুষ।’

দুর্ঘটনার পর সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত সাত বাংলাদেশির মরদেহ মদিনার স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিদেরও ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে নিহতদের নাম পাওয়া গেছে। তাঁদের বাড়ির ঠিকানা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কাজ চলছে।

তিনি আরও বলেন, নিহতরা দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। এ কারণে দ্রুত তাঁদের চকরিয়ার সুনির্দিষ্ট ঠিকানা শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

সৌদি আরবে একসঙ্গে সাত বাংলাদেশির প্রাণহানির ঘটনায় তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ