🏠︎ » বাংলাদেশ » অপরাধ » রামুতে বাল্যবিয়ের ভয়াবহতা: ১২ বছরের কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা

রামুতে বাল্যবিয়ের ভয়াবহতা: ১২ বছরের কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা

কক্সবাজারের রামুতে ১২ বছরের এক কিশোরীর চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ওই কিশোরীর সঙ্গে ১৪ বছর বয়সী এক কিশোরের বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে। ফলে ঘটনাটি বাল্যবিবাহের ভয়াবহ বাস্তবতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ঘটনাটি ঘটেছে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল পাহাড়পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৬ আগস্ট) সামাজিকভাবে গোপনে তাদের বাল্যবিবাহ সম্পন্ন করা হয়। কিশোরীর চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি স্থানীয়ভাবে বেশ আলোচিত হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরীটি ছোট থাকতেই তার বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তার মা অন্যত্র বিয়ে করে চলে যান। এরপর থেকে কিশোরীটি নানার বাড়িতে বড় হয়েছে।

কিশোরী ও সংশ্লিষ্ট পরিবারের নিরাপত্তা এবং গোপনীয়তার স্বার্থে সংবাদে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয়দের ভাষ্য, রামু উপজেলার অন্যান্য এলাকার তুলনায় রাজারকুল ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন সময়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। স্থানীয় পর্যায়ে ওয়ার্ল্ড ভিশন, মুক্তি, ব্র্যাকসহ বিভিন্ন এনজিও এ বিষয়ে কাজ করলেও এমন একটি ঘটনা ঘটার পর স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রমের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

ঘটনার বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৮ বছর এবং ছেলের বয়স ২১ বছর পূর্ণ না হলে তা বাল্যবিবাহ হিসেবে গণ্য করা হয়।

তানিম হোসেন ইমন
(রামু কক্সবাজার)

আরও পড়ুন

সর্বশেষ