বিশ্বকাপ মানেই যেন লিওনেল মেসির নতুন ইতিহাস। একের পর এক রেকর্ড ভেঙে ফুটবলের সর্বোচ্চ আসরে নিজের নামকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। সর্বশেষ ম্যাচে একটি অ্যাসিস্ট করে আর্জেন্টাইন অধিনায়ক কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ৮ অ্যাসিস্টের রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৯ অ্যাসিস্টের মালিক হয়েছেন।
শুধু অ্যাসিস্ট নয়, রেকর্ডের প্রায় প্রতিটি অধ্যায়েই এখন মেসির ছোঁয়া। ২০০৬ থেকে ২০২৬ পর্যন্ত টানা ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েছেন।
গোলের দিক থেকেও উজ্জ্বল মেসি। বিশ্বকাপে তার মোট গোল এখন ২০টি, যা সর্বকালের সর্বোচ্চ। একই সঙ্গে টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করে আরেকটি অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
এছাড়া পাঁচটি ভিন্ন বিশ্বকাপে অ্যাসিস্ট করা একমাত্র ফুটবলারও মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও তার দখলে।
গোল, অ্যাসিস্ট, ম্যাচ কিংবা বিশ্বকাপে ধারাবাহিকতা—প্রতিটি ক্ষেত্রেই নতুন মানদণ্ড স্থাপন করছেন এলএম১০। রেকর্ডের পর রেকর্ড গড়ে তিনি আরও একবার প্রমাণ করলেন, বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা নয়, সর্বকালের সেরাদের একজন হিসেবে তার নাম চিরস্থায়ী হয়ে থাকবে।