🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » খাল খননের বকেয়া মজুরির দাবিতে দুর্গাপুরে শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

খাল খননের বকেয়া মজুরির দাবিতে দুর্গাপুরে শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

খাল খনন কর্মসূচির বকেয়া মজুরির দাবিতে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (৪ আগস্ট) শত শত শ্রমিক এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে পাঁচ কিলোমিটার খাল খননের কাজ গত ২০ এপ্রিল শুরু হয়। এরপর কুল্লাগড়া ইউনিয়নেও ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে চার কিলোমিটার খাল খননের কাজ শুরু হয়। দুটি প্রকল্পে মোট ৫৭২ জন শ্রমিক কাজ করেন।

মানববন্ধনে অংশ নেয়া নারী শ্রমিক নার্গিস আক্তার বলেন, আমরা ৪০ দিন ধরে মাটি কাটছি। পানি-পেক মাথাত কইরা নিছি, উড়ি দিয়া নিছি, বাড়িত বাচ্চা থইয়া আইয়া আমরা কাম করছি। কিন্তু অহন আমরা বেতন পাইতাছি না। আমরা বেতনের কোন খবরও নাই।

অপর শ্রমিক লালচান মিয়া বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের কাজের ন্যায্য মজুরি চাই।

মানববন্ধনে অংশ নিয়ে আবুল হাসান বলেন, আমরা গতর খাইট্টা কাম করছি। অনেক পরিশ্রম অইসে। আমরারে বেতন দিতাসে না।
আজকে দুর্গাপুর আইছি। অহন আমরা যদি ন্যায্য মজুরি পাইয়া লাই, তাইলে আর কোনো দাবি নাই।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত বলেন, খাল খননের কাজ সম্পন্ন না হওয়ায় দুটি প্রকল্পের ৭৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেয়া হয়েছে। শ্রমিকদের মজুরির টাকা ইতোমধ্যে এনআরবিসি ব্যাংকের হিসাবে পাঠানো হয়েছে। শ্রমিকেরা ব্যাংক হিসাব খুললেই তাদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন।

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ